কুলিয়ারচরে ডোবার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ডোবার পানিতে পড়ে জুনাইদ নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব জগৎচর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু জুনাইদ ঢাকার বাসিন্দা। সে মোঃ শাহপরান ও তানিয়া আক্তার দম্পতির সন্তান। পরিবারের সদস্যদের পূর্ব জগৎচর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক আটটার দিকে জুনাইদ খেলতে খেলতে বাড়ির পাশের একটি ডোবা নালার ধারে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত সে ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে প্রতিবেশীরা ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে শিশুটির খোঁজখবর নেন ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার। তিনি শিশুটির পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে সান্ত্বনা জানান।
স্থানীয় ইউপি সদস্য মাইন উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিশুর বাড়ি ঢাকায়। অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে যায়।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত খোকন চন্দ্র সরকার জানান, ঘটনাটি একটি দুঃখজনক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।













Leave a Reply