কিশোরগঞ্জ-৬ আসনের কুলিয়ারচরে বিএনপির মনোনয়ন পত্র জমা দিলেন মোঃ শরীফুল আলম
মোঃ নাঈমুজ্জামান নাঈম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পত্র জমা দিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টায় কুলিয়ারচর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকারের কাছে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন জমা দেয়া হয়।
মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম।
মনোনয়ন জমা দেয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম বলেন, এই আসনের জনগণের প্রতি আমার দায়বদ্ধতা অনেক পুরনো। মাদক নির্মূল, উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমি আশা করি, নির্বাচন কমিশন সকল প্রার্থীকে সমান সুযোগ দেবে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে।
তিনি আরও বলেন, এলাকার শহর রক্ষাবাঁধ নির্মাণ, বেকারত্ব, কৃষির সংকটসহ দীর্ঘদিন ধরে উপেক্ষিত সমস্যা সমাধানে তিনি একটি পরিকল্পিত উন্নয়ন রোডম্যাপ নিয়ে কাজ করতে চান। তিনি স্থানীয় জনগণকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের প্রত্যাশা করেন।
এর আগে তিনি তার পিতা আলম গ্রুপের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিদ্দিক মিয়ার কবর জিয়ারত করেন। পরে বেতিয়ারকান্দি পৌর সদর এলাকায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে দেশ ও জাতির অগ্রগতি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় এবং গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
দৃশ্যপট নিউজ/ N.A







