ভৈরব প্রতিনিধি:
আজ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট চলছে।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনেও সকাল থেকেই সব ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটকেন্দ্রগুলোতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। আগেই ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। দায়িত্বশীল কর্মকর্তারা ভোটকক্ষগুলো প্রস্তুত রেখে সকালেই ভোটগ্রহণ শুরু করেন।
ভোট দিতে আসা অনেকেই শান্ত পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। এক ভোটার আরিফ বলেন, সকাল থেকেই কেন্দ্রের পরিবেশ ভালো। লাইনে দাঁড়িয়ে খুব সহজেই ভোট দিতে পারছি। দায়িত্বপ্রাপ্তরা সহযোগিতা করছেন।
আরেক ভোটার রফিক বলেন,নিজের ভোট নিজে দিতে পেরে ভালো লাগছে। কোথাও কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।
এছাড়া অনেক ভোটার জানান, তারা আগে থেকেই নিজেদের কেন্দ্র ও ভোটার নম্বর ই-কমিশন বা ভোটার তথ্য অ্যাপের মাধ্যমে যাচাই করে এসেছেন, ফলে কেন্দ্রে কোনো বিভ্রান্তি হয়নি।
নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি টহল জোরদার রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারিও রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, দিনব্যাপী একই শান্ত ও সুষ্ঠু পরিবেশ বজায় রেখে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
দৃশ্যপট নিউজ / NA









Leave a Reply