মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি ও ছয়সূতী বাসস্ট্যান্ডের মাঝামাঝি কাঠালতুলী এলাকায় ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৬ অক্টোবর) সকাল প্রায় আটটার দিকে স্থানীয়রা সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে কুলিয়ারচর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি ভৈরব হাইওয়ে থানা পুলিশকে অবগত করেছে। পরে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ভৈরব হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারীর মাথায় আঘাত প্রাপ্ত, মুখমণ্ডল ও গালে রক্তেমাখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় বা অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
স্থানীয় কয়েকজন জানান, নিহত নারীকে প্রায়ই কুলিয়ারচর উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় ঘুরে বেড়াতে দেখা যেত। অনেকের মতে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কেউ কেউ আরও জানান, তাকে প্রায়ই বিভিন্ন যানবাহনের পাশে গিয়ে আঘাত করতে বা গাড়ির গায়ে থাবলা মারতে দেখা যেত।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাস্থল হাইওয়ে সড়কের পাশে, তাই ভৈরব হাইওয়ে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। সড়কে যেন যানবাহন চলাচলে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ শাহাবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য কিশোরগঞ্জ পিবিআইয়ের মাধ্যমে আঙুলের ছাপ নেয়া হয়েছে।













Leave a Reply