মো: নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের দ্রুত অভিযানে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৩ বছরের এক কিশোরী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বরযাত্রী পৌঁছানোর আগেই পৌর শহরের নয়াকান্দি (পৈলনপুর) এলাকায় বিয়ের আয়োজন বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান।
জানা যায়, পৌরসভার ৬নং ওয়ার্ডের নয়াকান্দি এলাকার ওই কিশোরীর সঙ্গে একই উপজেলার সালুয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের মোস্তাকিম ভূঁইয়া (২২)–র বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত কনের বাড়িতে গিয়ে অনুষ্ঠান শুরুর আগেই বাল্যবিবাহের আয়োজন থামিয়ে দেন।
অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, কুলিয়ারচর থানার এসআই আমিরুল বাহারসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ নিরোধ আইন–২০১৭ এর ৮(১) ধারায় কনের মাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন এবং মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না, এ মর্মে লিখিত অঙ্গীকার নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান বলেন, গোপন সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করেছি। আইন ভঙ্গের দায়ে কনের মাকে জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে এবং এমন আয়োজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।













Leave a Reply