মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কার্যরত সকল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সমন্বয়ে “কুলিয়ারচর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশন” নামে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুলিয়ারচর-ভৈরব সংযোগ জিল্লুর রহমান সেতুর মানিকদী প্রান্তে অবস্থিত জমজম কফি শপে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এই কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাজুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পপুলার মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নিহার রঞ্জন দাস।
অনুষ্ঠানে এসোসিয়েশনের বিভিন্ন সদস্যবৃন্দ নতুন কমিটির নেতৃত্বকে অভিনন্দন জানান এবং কুলিয়ারচরের বেসরকারি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, মানোন্নয়ন ও সমন্বয় বৃদ্ধিতে কমিটির কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ তাজুল ইসলাম বলেন—কুলিয়ারচরের স্বাস্থ্যসেবা আরও উন্নত, সহজলভ্য ও সুশৃঙ্খল করতে আমরা একসঙ্গে কাজ করব। বেসরকারি ক্লিনিকগুলোকে মানসম্পন্ন সেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতায় একটি কার্যকরী এসোসিয়েশন গড়ে তুলতে চাই।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিহার রঞ্জন দাস বলেন,কমিটির প্রতি যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। ক্লিনিক মালিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে রোগীদের সেবা উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সকলের পরামর্শ ও অংশগ্রহণেই এই এসোসিয়েশন শক্তিশালী হবে।
অনুষ্ঠানে উপস্থিত আল রাজ্জাক ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, তাসিন ডায়াগনস্টিক সেন্টার, জেপিএস ডায়াগনস্টিক সেন্টার, কুলিয়ারচর জেনারেল হাসপাতাল, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, রায়হান মেডিকেল হল, লাইফ কেয়ার মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও অলিভ ডায়াগনস্টিক সেন্টারের সদস্যরা আশা ব্যক্ত করেন যে নতুন নেতৃত্ব কুলিয়ারচরের বেসরকারি স্বাস্থ্যখাতকে আরও নিয়মবদ্ধ, আধুনিক ও জনগণের আস্থার জায়গায় পরিণত করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবেন।













Leave a Reply