কুলিয়ারচরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর মহল্লায় বাড়ির পাশের গর্তের ময়লা পানিতে পড়ে ফরহাদ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বড়খারচর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফরহাদ ওই এলাকার মোঃ ফয়সাল মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শিশু ফরহাদকে পাশে রেখেই রান্নার জন্য সবজি কাটায় ব্যস্ত ছিলেন তৎক্ষনাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের গোসলেরর জন্য গর্তের ময়লা পানিতে উল্টো অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
খবর পেয়ে শিশুটির খোঁজখবর নেন ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার। তিনি শিশুটির পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে সান্ত্বনা জানান।
এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, ঘটনাটি একটি দুঃখজনক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।













Leave a Reply