কুলিয়ারচরে উপ-পরিচালকের জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন
মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন, স্থানীয় সরকার বিভাগের কিশোরগঞ্জ জেলার উপপরিচালক (উপসচিব) জেবুন্নাহার শাম্মী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি উপজেলার রামদী, গোবরিয়া আব্দুল্লাহপুর,সালুয়া ও ফরিদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদে চলমান জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্য ও গ্রাম পুলিশদের সঠিকভাবে তথ্য যাচাই-বাছাই করে সময়মতো নিবন্ধন সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নাগরিক সেবা দ্রুত ও সহজলভ্য করতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন, রামদী ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম,গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোবারকসহ সংশ্লিষ্ট ইউনিয়ন সচিব ও সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ ।
স্থানীয় সরকার উপপরিচালক জেবুন্নাহার শাম্মী ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্য ও গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্রীয় সেবার মৌলিক ভিত্তি। তাই এ কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে।
পরিদর্শন শেষে তিনি ইউনিয়ন পরিষদের অফিস ব্যবস্থাপনা, রেজিস্টার সংরক্ষণ ও জনসাধারণের অভিযোগ নিষ্পত্তির বিষয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।













Leave a Reply