রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতে দোকান বন্ধ করে বাজার থেকে ফেরার সময় আড়িয়াল খাঁ নদীর পাড়ে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের চাচাতো ভাই মো. আরিফ মিয়া বলেন, মানিক ভাই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। অনেকবার ফোন করেও তার কোনো সাড়া পাইনি। পরে খোঁজে বের হতে গিয়ে নদীর পাড়ে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পাই।
রায়পুরা থানার এসআই জাকির হোসেন জানান, নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলেও হত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, টর্চলাইট ও কিছু টাকা জব্দ করা হয়েছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি।














Leave a Reply