নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) ও একই গ্রামের মাকরুল মোল্লার ছেলে আব্দুর রহমান (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে তারা ভৈরবের দিকে যাচ্ছিলেন। সোনারামপুর সেতুর ওপর পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আলম চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়। তবে পুলিশের আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে ভৈরবে চলে যান। বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার বিষয়টি তারা জেনেছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৃশ্যপট নিউজ / nazir ahammad








