মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ৬০০ শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের হাছেন আলী মাস্টারের বাড়ির সামনে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকার ঐশন ট্যুরস এন্ড ট্রাভেলসের সিও মোঃ আনোয়ার হোসেন ভূইয়ার সৌজন্যে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত। তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে আছে এবং থাকবে। নেতা তারেক রহমানের জন্মবার্ষিকীতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস অসহায় মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফুটাবে এটাই আমাদের বড় প্রাপ্তি।
এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।
এসময় ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফরিদপুর ইউনিয়ন বিএনপির সব অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে আমোদপুরসহ বিভিন্ন এলাকার শতাধিক অসহায় মানুষ সন্তোষ প্রকাশ করেন।








