নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় দপ্তর থেকে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর ধীরে ধীরে জেলা পর্যায়ে নাম ঘোষণার কাজ চলছে।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন, কিশোরগঞ্জ-০২ (কটিয়াদি-পাকুন্দিয়া): অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-০৩ (করিমগঞ্জ-তাড়াইল): ড. এম ওমর ফারুক, কিশোরগঞ্জ-০৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম): অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-০৬ (ভৈরব-কুলিয়ারচর): শরিফুল আলম।
তবে কিশোরগঞ্জ-০১ (সদর-হোসেনপুর) এবং কিশোরগঞ্জ-০৫ (নিকলী-বাজিতপুর) আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।
দলীয় সূত্র জানায়, ওই দুই আসনে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম বিবেচনায় থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে সময় লাগছে। খুব শিগগিরই বাকি দুই আসনের প্রার্থীও ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ঘোষিত প্রার্থীদের নাম প্রকাশের পর থেকেই জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি কার্যালয়গুলোতে ব্যানার-পোস্টার টানানো শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে সমর্থকদের অভিনন্দন বার্তা বিনিময়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কিশোরগঞ্জের এই আসনগুলোতে বিএনপি গত নির্বাচনে কিছুটা পিছিয়ে থাকলেও এবারের নির্বাচনে তারা নতুন নেতৃত্বের মাধ্যমে মাঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে কয়েকজন পেশায় আইনজীবী এবং শিক্ষিত, তরুণ নেতৃত্ব হিসেবে পরিচিত, যা স্থানীয় ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ এলাকায় প্রাথমিক প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন।











Leave a Reply