নাজির আহমেদ আল-আমিন, ভৈরব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ভোটগ্রহণের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে ইতোমধ্যে ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, বুথ উপকরণসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সামগ্রী পর্যায়ক্রমে ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।
এই আসনে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা অন্তর্ভুক্ত। নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীদের প্রচারণা যেমন তুঙ্গে, তেমনি প্রশাসনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে জোর প্রস্তুতি নিয়েছে।

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৪ লাখ ২৮ হাজার ৮০৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২১ হাজার ১১৪ জন, নারী ২ লাখ ৭ হাজার ৬৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। ভোটগ্রহণ হবে মোট ১৪২টি কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।
কেন্দ্রীয় নির্বাচন অফিসের খসড়া তালিকা অনুযায়ী, এ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ সময়ে তারা কেন্দ্রভিত্তিক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ভোটের দিন সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ভৈরব উপজেলায় থাকবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
সারাদেশে প্রায় ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে কিশোরগঞ্জ-৬ আসনেও কেন্দ্রভিত্তিক সব প্রস্তুতি শেষ করা হচ্ছে।

ভোটারদের অনুরোধ করা হয়েছে, ভোটের দিন কোনো বিভ্রান্তি এড়াতে আগে থেকেই নিজেদের কেন্দ্রের ঠিকানা, ভোটার নম্বর ও তথ্য ই-কমিশন বা Smart Election Management BD অ্যাপের মাধ্যমে যাচাই করে নিতে।
সব মিলিয়ে, ভৈরব-কুলিয়ারচর আসনে নির্বাচন আয়োজনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
দৃশ্যপট নিউজ / NA




