ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনে ৫ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক,
ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে কিশোরগঞ্জের ভৈরবে পাঁচটি হোটেল ও বেকারিকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। অভিযানে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প, জেলা পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরবের বিভিন্ন বেকারি, হোটেল ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় আকবরনগর বাসস্ট্যান্ড এলাকার রাজধানী বেকারিকে কেক তৈরিতে পচা ডিম ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পৌর শহরের কমলপুর এলাকার ইদ্রিস আলী ফুড প্রোডাক্টস-কে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের অপরাধে ২ লাখ টাকা, একই এলাকার বন্ধন বেকারিকে নিবন্ধন ও মোড়কীকরণ ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পলতাকান্দা এলাকার মনিমুক্তা হোটেলকে ফ্রিজে বাসি মাংস সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অপরাধে ১ লাখ টাকা এবং বঙ্গবন্ধু সড়কের বিসমিল্লাহ হোটেলকে রান্নাঘরের পাশে খোলা টয়লেট থাকা ও অন্যান্য অনিয়মের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, খাদ্য নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হলেও অনেকেই তা উপেক্ষা করছেন। ভেজাল ও নিম্নমানের খাদ্যে মানুষের শরীরে ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ছে।
তিনি আরও বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে কিশোরগঞ্জ জেলায় নিরাপদ খাদ্য আইনের আওতায় এই অভিযান চলছে। ভোক্তার স্বাস্থ্যের সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”










Leave a Reply