ভৈরবে মা ইলিশ সংরক্ষণ অভিযান: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস
ভৈরব প্রতিনিধি:
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর। (৮ অক্টোবর) বুধবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রম্মপুত্র ও মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয় ।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানায়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর পুরাতন ফেরিঘাট এলাকা থেকে শুরু হয়ে ব্রম্মপুত্র নদ এর গজারিয়া ইউনিয়নের তাতালচর গোদারাঘাট সংলগ্ন কালী নদী পর্যন্ত বিস্তৃত জলাশয়ে অভিযান পরিচালিত হয়। এসময় অভিযান পরিচালনা করেন ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক।
এসময় অভিযানে চায়না ৭০টি দুয়ারি জাল (দৈর্ঘ্য প্রায় ২,১০০ মিটার, মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা) এবং ৩০টি কারেন্ট জাল (দৈর্ঘ্য প্রায় ৩,০০০ মিটার, মূল্য প্রায় ৬০ হাজার টাকা) জব্দ করা হয়। পরে জনসমক্ষে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিশের বংশবৃদ্ধি ও দেশের মৎস্যসম্পদ রক্ষায় আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করছি। কেউই আইনের ঊর্ধ্বে নয়। তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ২২ দিনব্যাপী এই অভিযান চলবে। এ সময় অবৈধভাবে ইলিশ আহরণ, পরিবহন বা বিপণনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান খুবই প্রয়োজনীয়। এতে ভবিষ্যতে ইলিশের প্রজনন বৃদ্ধি পাবে এবং জেলেরা আরও বেশি লাভবান হবেন।
সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এ ধরনের তৎপরতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভৈরব উপজেলা মৎস্য দপ্তর।
অভিযানে ভৈরব সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগীতা করেন ।










Leave a Reply