উপদেষ্টা আগমনে ভৈরবে ময়লার ভাগারে টাঙানো হলো পর্দা -স্থানীয়দের ক্ষোভ
ভৈরব প্রতিনিধি
রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খানের সফর ঘিরে সাজসজ্জায় ব্যস্ত হয়ে ওঠে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা। তার আগমন উপলক্ষে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার রাস্তার খানাখন্দ ভরাট, গাছপালা ছাঁটাই ও সড়কের পাশে থাকা ময়লার ভাগার পর্দা টানিয়ে ঢেকে দেয় পৌর কর্তৃপক্ষ।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপদেষ্টা ট্রেনযোগে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছান। সেখান থেকে তিনি প্রাইভেট কারে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন।
স্থানীয়রা জানান, উপদেষ্টার সফর ঘিরে তড়িঘড়ি করে পরিষ্কার-পরিচ্ছন্নতার নাটক সাজানো হয়েছে। কিন্তু বছরের পর বছর ধরে ময়লার ভাগারের দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হলেও তার কোনো স্থায়ী সমাধান পৌর কর্তৃপক্ষ নেয়নি।
রেলওয়ে সংলগ্ন এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, আমরা প্রতিদিন এই দুর্গন্ধে থাকতে বাধ্য। কিন্তু বড় কেউ এলেই পর্দা টাঙানো হয়। এভাবে তো সমস্যার সমাধান হবে না।

আরেক স্থানীয় নারী শিউলি আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিভিআইপি আসলে শহর ঝকঝকে হয়, কিন্তু আমরা প্রতিদিন এই নোংরা পরিবেশে বাঁচি। এটা আসলে দেখানোর জন্য কাজ।
এ বিষয়ে ভৈরব পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মকর্তা রুকন উদ্দিন বলেন,আমরা নিয়মিত পরিষ্কার করি। তবে আজ ভিভিআইপি আসছেন বলে রাস্তার পাশে গাছপালা কেটেছি এবং ময়লার জায়গা পর্দা দিয়ে ঢেকেছি। জায়গাটি আসলে রেলওয়ের পুকুরের পাশে, পৌর এলাকায় অন্য কোনো উপযুক্ত স্থান না থাকায় এখানেই ময়লা ফেলা হয়।
উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খানের সফরের সময় তাকে ফুল দিয়ে বরণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম, এবং ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন।
এ সফরে উপদেষ্টার সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, এবং উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) সাইফুল ইসলাম। জানা গেছে, উপদেষ্টা ঢাকা-সিলেট মহাসড়কের চলমান প্রকল্পসমূহ পরিদর্শন শেষে আশুগঞ্জ-সরাইল অংশ ঘুরে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।










Leave a Reply