সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ ও ভৈরব পৌরসভার যৌথ উদ্যোগে প্রদর্শনীতে দর্শনার্থীর অভাব, উদ্যোক্তাদের হতাশা
ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা শিল্প ও নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত দিনব্যাপী প্রদর্শনীতে দর্শনার্থীর অভাব দেখা গেছে। সাজানো স্টলে উদ্যোক্তারা পণ্য নিয়ে বসে থাকলেও লোকসমাগম না থাকায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন।( ৭ অক্টোবর) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ ও ভৈরব পৌরসভার যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘প্রবৃদ্ধি’ প্রকল্প।
সরেজমিনে দেখা যায়, প্রদর্শনীতে ১০টির বেশি স্টল বসেছে—যেখানে পাদুকা শিল্পের পাশাপাশি নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি প্রসাধনী, হস্তশিল্প, ব্যাগ ও গৃহস্থালী পণ্য প্রদর্শন করেছেন। তবে স্থানীয় ক্রেতা বা দর্শনার্থীর সংখ্যা ছিল খুবই কম।
পাদুকা কারখানার মালিক কাউছার মিয়া বলেন, আজ ঢাকার কর্মকর্তাদের উপস্থিতিতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কিন্তু বাইরে থেকে লোকজন তেমন আসেননি।”

নারী উদ্যোক্তা রোকসানা আক্তার বলেন, আমরা নিজেদের তৈরি পণ্য নিয়ে এসেছি। কিন্তু দর্শনার্থী কম হওয়ায় বিক্রিবাট্টা হচ্ছে না।”
সুইসকন্ট্যাক্টের কর্মকর্তা উম্মে কারিমা তৃণা জানান, ভৈরবের স্থানীয় অর্থনীতির উন্নয়ন ও বিগত কার্যক্রমের সাফল্য তুলে ধরতেই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এটি সবার জন্য উন্মুক্ত ছিল।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান, সুইস দূতাবাসের রিজিওনাল অ্যাডভাইজর ড্যানিয়েল ভ্যালেঙ্গি, ও সুইসকন্ট্যাক্টের টিম লিডার পারভেজ মোহাম্মদ আশিক। সভাপতিত্ব করেন ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন।
উদ্যোক্তারা আশা করছেন, ভবিষ্যতে এমন প্রদর্শনী আরও জনসম্পৃক্ত ও অংশগ্রহণমূলকভাবে আয়োজন করা হবে, যাতে স্থানীয় শিল্পের উন্নয়ন সত্যিকার অর্থে এগিয়ে যায়।










Leave a Reply