নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ ইশতেহার তুলে ধরেন।
‘করব কাজ, গড়ব দেশ’ প্রত্যয়ে প্রণীত ইশতেহারের স্লোগান রাখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’। পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় ৫১টি দফার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার রূপরেখা দেওয়া হয়েছে। বিএনপির ভাষ্য, এটি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির প্রস্তাব।
ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতি বিশেষভাবে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে-প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করে মাসিক সহায়তা, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ ও ভর্তুকি সুবিধা, স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগ, কর্মমুখী শিক্ষানীতি ও ‘মিড-ডে মিল’ চালু, তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা সহায়তা, জেলা-উপজেলায় ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, নদী-খাল খনন ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, ধর্মীয় নেতাদের কল্যাণ ব্যবস্থা এবং ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতে আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ।
ইশতেহারে ‘প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতি’র অঙ্গীকার করে বিএনপি জানিয়েছে, ক্ষমতায় গেলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত, আইনের শাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা হবে যেখানে ভোটের মর্যাদা নিশ্চিত থাকবে।
দলটি জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে ইশতেহারের ভিত্তি ধরা হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির দাবি, পরিকল্পিত এ কর্মসূচির মাধ্যমে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই তাদের লক্ষ্য।
দৃশ্যপট নিউজ / NA








