লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে অধিকার আদায় করুন- ভৈরবে তারেক রহমান
নাজির আহমেদ আল-আমিন
ভোটের অধিকার পুনরুদ্ধারের ডাক দিয়ে কিশোরগঞ্জের ভৈরবে মধ্যরাতে বিশাল জনসভায় বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম দিনের প্রচারণায় এটিই ছিল তাঁর পঞ্চম নির্বাচনী জনসভা।
তারেক রহমান বলেন, “গত ১৫ বছর ধরে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মামলা, গুম ও নির্যাতনের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করা হয়েছে।”
তিনি স্মরণ করিয়ে দেন ২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলনের কথা। বলেন, “সেদিন মানুষ রাস্তায় নেমেছিল ভোটের অধিকার ফেরানোর দাবিতে। সেই লড়াইয়ের চূড়ান্ত ধাপ হচ্ছে ১২ তারিখের ভোট।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “এবার ভোরে উঠে, ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাবেন। লাইনে দাঁড়িয়ে নিজের অধিকার নিজ হাতে আদায় করবেন।”
একটি মহল ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, “মা-বোনদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশের মালিক জনগণ। ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার শপথ নিতে হবে।”
নির্বাচিত হলে দুস্থ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু, সামাজিক সহায়তা বৃদ্ধি এবং মা-বোনদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি। বক্তব্য শেষে কিশোরগঞ্জ জেলার ছয় আসনের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট চান বিএনপি চেয়ারম্যান।
দৃশ্যপট নিউজ / NA






