নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। দেহ তল্লাশির সময় তার অন্তর্বাসের ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ৩ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট।
আটক ব্যক্তির নাম সাহাব উদ্দিন (৩৪)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার কাপনা এলাকার মাহমুদ আলী ও ফাতেমা বেগমের ছেলে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ভৈরব সার্কেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এ অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেল সূত্রে জানা যায়, ভৈরব থানাধীন দূর্জয় মোড়ের পূর্ব পাশে সিলেট বাসস্ট্যান্ড এলাকায় ভাই ভাই ফল ভান্ডারের সামনে সড়কে শ্যামলী পরিবহন নামীয় একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক যাত্রীকে বাস থেকে নামিয়ে দেহ তল্লাশি করলে তার অন্তর্বাসের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর দৃশ্যপটকে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
দৃশ্যপট নিউজ / NA






