১১ ঘণ্টা পর স্বাভাবিক রেল যোগাযোগ, তদন্ত কমিটি গঠন, ভোগান্তিতে যাত্রীরা
নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরবে আউটার স্টেশন এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা ও পূর্বাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ দীর্ঘ সময় বন্ধ ছিল। প্রায় ১১ ঘণ্টা উদ্ধারকাজের পর বিকাল সাড়ে তিনটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব বাজার জংশন স্টেশনের অদূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী, ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ভৈরব রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে আসে। রাত ২টা ৪০ মিনিটে ভৈরবে পৌঁছে বিরতি শেষে ৩টা ২৮ মিনিটে যাত্রা শুরু করলে স্টেশনের অদূরে সিগন্যাল পয়েন্ট এলাকায় ইঞ্জিন থেকে চার নম্বর বগির সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়।
খবর পেয়ে সকাল ৭টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ শুরু করে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে একবার ট্রেন চলাচল চালু হলেও কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ প্রচেষ্টায় বিকাল ৩টার দিকে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ে। ভৈরবে আটকে থাকে পর্যটক এক্সপ্রেস ও এগারো সিন্দুর এক্সপ্রেস। কুলিয়ারচরে বিজয় এক্সপ্রেস, দৌলতকান্দিতে পারাবত এক্সপ্রেস, খানা বাড়ি ও ব্রাহ্মণবাড়িয়ায় তুর্ণা নিশিতা ও তিতাস কমিউটার, এছাড়া সোনার বাংলা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন দীর্ঘ সময় যাত্রাবিরতিতে পড়ে।
বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এ.বি.এম. কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পয়েন্ট সেটিংয়ে গাফিলতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. আবু ইউসুফ জানান, উদ্ধারকাজ শেষে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার পর থেকে পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৃশ্যপট নিউজ / NA






