ভৈর ট্রেন লাইনচ্যুতি: ৯ ঘণ্টা পর ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টা ১৫ মিনিটের দিকে উদ্ধার কাজ শেষ হলে পুনরায় এই তিন রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন অতিক্রম করার পর প্রায় ১৫০ মিটার দূরে দুর্ঘটনাটি ঘটে।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ জানান, রাত ৩টার দিকে কেবিন স্টেশন থেকে সংকেত পেয়ে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ ট্রেনটি সামনের দিকে অগ্রসর হলে ইঞ্জিনের পেছনের দিকের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে পড়ে এবং ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সকালে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বেলা সোয়া ১২ টার দিকে লাইন ক্লিয়ার হলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
দৃশ্যপট নিউজ / NA






