কিশোরগঞ্জের ছয় প্রার্থীকে এক মঞ্চে পরিচয় করালেন তারেক রহমান
নাজির আহমেদ আল-আমিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম দিনের প্রচারণার অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির পঞ্চম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভৈরব স্টেডিয়ামে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত সাড়ে ১২টায় জনসভাস্থলে পৌঁছে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেন এবং নির্বাচনী দিকনির্দেশনা তুলে ধরেন।
বক্তব্য শেষে তিনি কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেন এবং তাদের জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় তিনি কিশোরগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী মাজাহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী ড. উসমান ফারুক, কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা এবং কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী মো. শরীফুল আলমকে উপস্থিত জনতার সামনে পরিচয় করিয়ে দেন।
কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান জনসভায় আসার পথে অসুস্থ হয়ে পড়ায় উপস্থিত হতে পারেননি। তিনি বর্তমানে ভাগুলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়।

জনসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া।
নিরাপত্তা ব্যবস্থায় জনসভাস্থলে এপিবিএন, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। একই সঙ্গে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিএনপির পক্ষ থেকে প্রায় ৩০০ নেতাকর্মী নিয়োজিত ছিলেন।
জনসভাকে ঘিরে বিকেল ৪টার পর থেকেই ভৈরব উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক স্টেডিয়ামে জড়ো হতে থাকেন।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, সদস্য সচিব আলহাজ্ব আল মামুন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ ফরহাদসহ বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীরা।
দৃশ্যপট নিউজ /NA







