আফসার হোসেন তূর্জা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভৈরব পৌর স্টেডিয়ামে আয়োজিত এই বিশাল সমাবেশে রাত প্রায় সাড়ে ১২টায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যে তিনি ভোটারদের সতর্ক করে বলেন, ষড়যন্ত্র শুরু হয়েছে। এবার তাহাজ্জুদের সময় উঠে প্রস্তুতি নিতে হবে এবং ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে।
এর আগে রাত ৮টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এছাড়া দুপুর থেকেই কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সন্ধ্যার আগেই জনসভাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি প্রার্থী মো. শরিফুল আলমের সভাপতিত্বে সভায় জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে তারেক রহমান আরও বলেন, একটি দল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা মা-বোনদের আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। ৭১ সালে যারা মা-বোনদের সম্মানহানি করেছিল, তারাই এই কাজগুলো করছে বলে খবর পাওয়া যাচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, গত ১৫ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গুম ও মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ই আগস্ট মানুষ রাজপথে নেমেছিল সেই অধিকার ফিরে পেতে। আগামী ১২ তারিখ সেই অধিকার প্রতিষ্ঠার দিন।
এছাড়া তিনি বলেন, দেশের মালিক জনগণ, আপনারাই সিদ্ধান্ত নেবেন কারা দেশ চালাবে। যতবার ধানের শীষ নির্বাচিত হয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে দুস্থ ও দরিদ্র পরিবারের সহায়তায় বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়া মা-বোনদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে।
বক্তব্যের শেষে তারেক রহমান কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের মঞ্চে ডেকে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেন। তিনি প্রার্থীদের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দেশ গড়ার শপথ নিতে নেতা-কর্মীদের উদাত্ত আহ্বান জানান।
দৃশ্যপট নিউজ /NA







