নাজির আহমেদ আল-আমিন
দীর্ঘদিন ধরে অন্যের কাঁধে ভর করে কিংবা ঘরের এক কোণে বসেই কেটে গেছে জীবন। বাইরে যাওয়ার স্বপ্ন ছিল, কিন্তু ছিল না চলার শক্তি। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চত্বরে সেই চেনা অসহায় ছবিটাই বদলে যেতে দেখা গেল। একে একে ১৯ জন প্রতিবন্ধীর হাতে তুলে দেওয়া হলো হুইলচেয়ার। অনেকের চোখে তখন আনন্দের জল, কারও মুখে চাপা হাসি, কারও কণ্ঠ ভারী হয়ে উঠছিল আবেগে।
ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে এই হুইলচেয়ার বিতরণ করেন কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন মিয়া।
অনুষ্ঠানে তিনি বলেন,প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। একটু সহায়তা, একটু ভালোবাসা পেলে তারাও স্বাভাবিক জীবনের স্বাদ পেতে পারে। ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি, যাতে তারা ঘরের চার দেয়ালে বন্দি না থেকে বাইরে বের হতে পারেন, মানুষের সঙ্গে মিশতে পারেন।
হুইলচেয়ার পেয়ে কালিকাপ্রসাদ এলাকার প্রতিবন্ধী আব্দুল করিম বলেন,পাঁচ বছর ধরে হাঁটতে পারি না। ছেলেরা কোলে করে বাইরে নিত। আজ নিজের মতো করে বসে চলতে পারব – এটা আমার কাছে নতুন জীবন পাওয়ার মতো।
আরেক উপকারভোগীর মা রোকেয়া বেগম আবেগ ধরে রাখতে না পেরে বলেন, একটু বাইরে যাওয়ার জন্য কোলে করে নিতে হতো আর আজ এই চেয়ারে পাওয়ার পর অনেক উপকার হয়েছে।
এমনিভাবে যারা হুইল চেয়ার পেয়েছে তারা ও তাদের পরিবারের সদস্যরা বলছেন, আমরা এটা পেয়ে সত্যিই আনন্দিত হয়েছি। আমাদের মতো আরও যারা আছে তাদেরকে ভবিষ্যতে দিতে পারে সেই কামনা দোয়া করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিল্লাত মিয়া, ১নং ওয়ার্ড মেম্বার কাউসার খান, ৪নং ওয়ার্ড মেম্বার মো. মুজিবর রহমান, ৫নং ওয়ার্ড মেম্বার মো. ফুল মিয়া ও ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল সেন্টুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের মতে, এ উদ্যোগ শুধু হুইলচেয়ার বিতরণ নয়, এটি ১৯টি জীবনে নতুন করে সামনে এগিয়ে চলার সাহস জোগানোর একটি নীরব মানবিক বার্তা।
দৃশ্যপট নিউজ / nazir ahammad






