ভৈরবে উৎসবমুখর পরিবেশে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক
আনন্দ, উৎসব আর গৌরবের আবহে মুখরিত হয়ে ওঠে ভৈরব প্রেসক্লাব প্রাঙ্গণ। রঙিন ব্যানার, ফুলেল সাজ, কেক কাটার মুহূর্ত আর শুভেচ্ছার উষ্ণতায় ভৈরবে উদযাপিত হলো দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। দুই দশকের পথচলা পেরিয়ে ২১ বছরে পদার্পণ উপলক্ষে (২৭ ডিসেম্বর) শনিবার দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন, যা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
বৈশাখী টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব প্রেসক্লাবের আহ্বায়ক মোস্তাফিজ আমিন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে আদিল উদ্দিন আহমেদ বৈশাখী টেলিভিশনের দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, বৈশাখী টেলিভিশন শুধু একটি চ্যানেল নয়, এটি জনগণের কণ্ঠস্বর। সমাজের অসংগতি, মাদক, দুর্নীতি ও সাধারণ মানুষের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে এই চ্যানেলের ভূমিকা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মজিবুর রহমান, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব মো. সোহেলুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আর এ মারুকী শাহিন, পৌর বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন ভৈরব টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা এবং জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিমসহ ভৈরবের বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।
বক্তারা একযোগে বলেন, বৈশাখী টেলিভিশনকে ভৈরবসহ সারাদেশের মানুষের দুর্ভোগ, দুর্দশা, সমস্যা ও সম্ভাবনার কথা আরও বেশি করে তুলে ধরতে হবে। তারা বলেন, “বৈশাখী টেলিভিশন মানেই জনগণের টেলিভিশন”এই পরিচয় অটুট রেখে ভবিষ্যতে আরও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে চ্যানেলটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা তাদের।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে বৈশাখী টেলিভিশনের ২১ বছরের সফল যাত্রাকে উদযাপন করেন এবং প্রতিনিধি ও অতিথিদের মধ্যে আন্তরিক শুভেচ্ছা বিনিময় হয়। এর আগে দুপুরে ভৈরব প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উৎসবের আবহ ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন এশিয়ান টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্তের ভৈরব প্রতিনিধি আলহাজ সজিব আহমেদ। পুরো আয়োজন জুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা এবং গণমাধ্যমকর্মীদের এক অনন্য মিলনক্ষেত্র।
dp-news/nazir ahammad






