মোঃ নাঈমুজ্জামান নাঈম
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতাধীন বিশেষ অভিযানে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কুলিয়ারচর থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুন্নবীর নির্দেশনা ও নেতৃত্বে চলমান এই বিশেষ অভিযানের অংশ হিসেবে ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ হীরা মিয়া সরকার, কুলিয়ারচর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহা আলম,ছয়সূতী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন,ফরিদপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সুরুজ খান এবং ছয়সূতী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ শরীফ কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক, নাশকতার অভিযোগে সন্ত্রাস বিরোধী ও অস্ত্র আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুন্নবী বলেন,
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিস্ফোরক ও নাশকতা, সন্ত্রাস বিরোধী ও অস্ত্র আইন মামলায় গ্রেফতার করে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
dp-news/nazir ahammad







