নাজির আহমেদ আল-আমিন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা ভৈরবের দূর্জয় মোড় নুরানী মসজিদের সামনে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন, ভৈরব-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল।
সমাবেশে বক্তব্য রাখেন-গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ কাজল,খেলাফত মজলিস ভৈরব পৌর শাখার সভাপতি ডা. মাওলানা আনাস মাহমুদ, এন সি পির ভৈরব শাখার সভাপতি শরিফুল হক জয়,ইসলামী আন্দোলন ভৈরব-এর সহ-সভাপতি শাহিদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা আব্দুল আজিজ,ছাত্র শিবিরের সভাপতি আলী আহসান মুজাহিদ,ইসলামী ছাত্র মজলিস ভৈরব শাখার সভাপতি জুবায়ের সিদ্দিক ও ছাত্র অধিকার পরিষদ ভৈরবের সভাপতি বিন ইয়ামিন জুনাঈদ।
বক্তারা বলেন,শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড একটি নৃশংস রাজনৈতিক হত্যা এবং এটি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ। তারা অবিলম্বে এ হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দূর্জয় মোড় থেকে শুরু হয়ে নিউটাউন মোড় প্রদক্ষিণ করে পুণরায় নুরানী মসজিদের সামনে এসে শেষ হয়। পরে শহীদ শরীফ ওসমান হাদীর মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
dp-news/ nazir ahammad






