ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভৈরব উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় ভৈরব উপজেলার ৬৩টি বেসরকারি বিদ্যালয়ের মোট ৫৩৩ জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্রের হল সুপার ও ব্লু-বার্ড স্কুলের নির্বাহী পরিচালক মো. সুমন মোল্লা জানান, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় বিকল্প হিসেবে এই বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ভৈরবের সকল বেসরকারি স্কুল কর্তৃপক্ষ একাধিক সভার মাধ্যমে ঐকমত্যে পৌঁছান। পাশাপাশি উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়।
তিনি আরও জানান, বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ৯ ডিসেম্বর ভৈরবের ৫০টি বেসরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকদের অংশগ্রহণে একটি ব্যবস্থাপনা কর্মশালার আয়োজন করা হয়।
পরীক্ষার প্রথম দিনে ভৈরব শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সহস্রাধিক অভিভাবক অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও প্রশংসনীয়। বিগত বিভিন্ন পাবলিক পরীক্ষার তুলনায় এবারের ব্যবস্থাপনা আরও উন্নত ও মানসম্মত বলে অভিভাবক ও সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।
dp-news/nazir






