নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব প্রান্তে টোল প্লাজা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোছা: রোজিনা আক্তার (৩৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পত্তন উত্তরপাড়া (সুরুজ মিয়ার বাড়ি) এলাকার মো: ইয়ামিন মিয়ার স্ত্রী ও তারা বানুর মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত ভৈরবপুর এলাকায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ দিকের টোল প্লাজার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামির ভাড়া করা মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭ হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন,
মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। ভৈরব এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলমান থাকবে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
dp-news/nazir






