নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে ২০ মামলার আসামি ও শীর্ষ ছিনতাইকারী মো. রাসেল মিয়া (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে ভৈরব শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত রাসেল মিয়া নরসিংদী জেলার বেলাবো উপজেলার দেওয়ানের চর এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভৈরব শহরের ভৈরবপুর (উত্তর পাড়া) এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় ভৈরব শহরের গাছতলা ঘাট এলাকায় অভিযান চালানো হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান আকদের দিকনির্দেশনায় এসআই কনকসহ থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে শীর্ষ ছিনতাইকারী রাসেল মিয়াকে গ্রেফতার করেন।
পুলিশ আরও জানায়, রাসেল মিয়া দীর্ঘদিন ধরে ভৈরবসহ আশপাশের এলাকায় ছিনতাই, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, মাদক কারবার, অবৈধ অস্ত্র ব্যবহার এবং পুলিশের সঙ্গে সংঘর্ষসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, মাদক, পুলিশের ওপর হামলা, ধর্ষণ ও হত্যা মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ভৈরব থানায় ১৫টি এবং বেলাবো থানায় ৫টি মামলা দায়ের আছে।
এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, গ্রেফতারকৃত রাসেল মিয়া একজন চিহ্নিত শীর্ষ ছিনতাইকারী। তাকে এক বছর সময় নিয়ে গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে ৯টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সোমবার (১৫ ডিসেম্বর) তাকে কিশোরগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।






