ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আল আমিন (২৮), নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (১০ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের উত্তর কান্দা এলাকার বাসিন্দা পণ্ডিত মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, সকালে বাঁশগাড়ি এলাকায় টমটম চালিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি কুকুর সড়কে উঠে আসে। কুকুরটিকে ধাক্কা না দিতে স্টিয়ারিং ঘুরিয়ে নিতে গেলে টমটমটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকদ জানান,ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কুকুরকে এড়াতে গিয়ে টমটমটি নিয়ন্ত্রণ হারায়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন,এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কে চালকদের আরও সতর্ক থাকার পরামর্শ হচ্ছে।
নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সদস্যরা জানান, কয়েক বছর ধরে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন আল আমিন।






