এম এ হালিম
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে আতর আলী (৭০) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতর আলী নরসিংদীর রায়পুরা উপজেলার সাপমারা এলাকার বাসিন্দা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আতর আলী সকালে সাপমারা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনে ভৈরব জংশনে নামতে এসেছিলেন। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে নামার মুহূর্তে পা পিছলে তিনি রেললাইনের ওপর পড়ে যান। এ সময় ট্রেনের নিচে পড়ায় তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশসহ স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
ভৈরব রেলওয়ে থানার এসআই দিদার হোসেন বলেন, ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






