নতুন নেতৃত্বে শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা
নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরব থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আতাউর রহমান আকদ। রোববার (৭ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে নতুন কর্মপরিচালনা শুরু করেন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা এবং এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে কর্মরত ছিলেন।
খন্দকার ফুয়াদ রুহানীর বিদায়ের পর নতুন ওসির আগমনে ভৈরবজুড়ে সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সবাই আশা করছেন, তাঁর নেতৃত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী, মানবিক ও জনবান্ধব হবে।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ওসি মোহাম্মদ আতাউর রহমান আকদ শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সততার সমন্বয়ে দায়িত্ব পালনের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনগণের আস্থাই হবে পুলিশিংয়ের মূল শক্তি। মাদক দমনে জিরো টলারেন্স বজায় থাকবে। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত ও ন্যায়সঙ্গতভাবে নিষ্পত্তির সর্বোচ্চ চেষ্টা করব।
ভৈরব একটি ঘনবসতিপূর্ণ বন্দরনগরী এবং গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র। এই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নবাগত ওসি। তিনি আরও জানান, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সকল অপরাধ দমনে কঠোর নজরদারি ও বিশেষ অভিযানের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হবে।
পুলিশ-জনতা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে চান ওসি আকদ। তিনি বিশ্বাস করেন, জনগণের বিশ্বাস ও সহযোগিতা থাকলে ভৈরবকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।
ভৈরববাসী এখন অপেক্ষায় নতুন ওসির নেতৃত্বে নিরাপত্তা ও সেবায় ইতিবাচক পরিবর্তন দেখার।






