ভৈরবে ২ হাজার ইয়াবাসহ নারী আটক
নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ শরীফা (৫০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেল। আটককৃত নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার শিবনগর গ্রামের নুরুল হকের বাড়ির মৃত আব্দুল হাসীম ওরফে দিলুর স্ত্রী আর নুরুল হকের মেয়ে।
এসময় ওই ইয়াবা বহনের অভিযোগে শরীফাকে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তা সূত্রে জানা গেছে, শনিবার (০৭ ডিসেম্বর ) দুপুর থেকে বিকাল পর্যন্ত ভৈরবপুর এলাকায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিমদিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে টোল প্লাজার সামনে অবস্থানরত একটি লেগুনায় তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে লেগুনায় থাকা এক নারীর চুলের খোপার ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় দুই হাজার ইয়াবা উদ্ধার করে পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে থাকা অভিযানকারী দল।
ঘটনার পর মাদকবিরোধী অভিযানের নেতৃত্বদানকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
প্রতিনিয়ত মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেল।






