নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর গাবতলীতে ভূমিকম্পের সময় ঘরের দেয়াল ধসে ওমর (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা উজ্জ্বল, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে হঠাৎ ভূমিকম্প অনুভূত হলে তাদের বাড়ির একটি দেয়াল ভেঙে পড়ে বাবা–ছেলের ওপর। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত উজ্জ্বলকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত উজ্জ্বলের অবস্থা এখনো সংকটাপন্ন।








