নিজস্ব প্রতিবেদক
দেশবিরোধী ষড়যন্ত্র, ফ্যাসিবাদ ও গণহত্যার বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব পৌর শহীদ মিনার চত্বরে ভৈরবের সর্বস্তরের জনগণ-এর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশবিরোধী অপশক্তি নির্বাচন বানচাল ও অস্থিতিশীলতা সৃষ্টি করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে বিদেশি প্রভুদের ইন্ধনে বিশৃঙ্খলা তৈরি করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশকে পেছনে টেনে নেওয়ার ষড়যন্ত্র চলছে। যারা স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে চায়, তাদের বিরুদ্ধে ভৈরবের মানুষ সোচ্চার থাকবে। আমরা চাই শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা।
আজহারুল ইসলাম রিদম বলেন, যারা ফ্যাসিবাদের নামে অরাজকতা সৃষ্টি করছে, তারা প্রকৃতপক্ষে জনগণের শত্রু। সাধারণ মানুষকে জিম্মি করে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তাদের প্রতিহত করা হবে।
মাওলানা সাইফুল ইসলাম শাহরিয়ার বলেন, ইসলামের নামে বিভ্রান্তি ছড়ানো, ধ্বংসযজ্ঞ চালানো ও মিথ্যা প্রচারণা করা কোনো ধর্মীয় কাজ নয়। ইসলাম শান্তির ধর্ম—এ দেশে যারা সন্ত্রাস ছড়াবে, তাদের জন্য কোনো জায়গা থাকবে না।
জাহিদুল হক বলেন, জনগণ এখন সচেতন। ষড়যন্ত্রকারীরা বুঝে ফেলেছে, তাদের অপতৎপরতা আর সফল হবে না। আমরা রাজপথে আছি, থাকবও—যতদিন না দেশ থেকে ফ্যাসিবাদ ও সহিংসতার রাজনীতি চিরতরে নির্মূল হয়।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ব্যাহত করতে যারা অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তারা জাতির শত্রু। আমরা ভৈরবের মানুষ একতাবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করব।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন মহিউদ্দিন, শেখ মহিউদ্দিন চিশতী, সাইফুল হাসান রিজভী, যুবনেতা রফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে অংশগ্রহণকারীরা দেশবিরোধী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ফ্যাসিবাদ, সহিংসতা ও গণহত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।










Leave a Reply