ভৈরবে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক
ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মোঃ মনির মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে ভৈরব সার্কেল টিম। শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভৈরবপুর এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে রাস্তার উপর এ অভিযান পরিচালিত হয়। মনির নেত্রকোনা জেলার মদন থানার শিপপাশা গ্রামের মোঃ আবু বক্করের পুত্র। বর্তমানে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বার্মা কলোনী (মামুনের বাড়ি), বাইজিদ বোস্তামী থানাধীন এলাকায় বসবাস করছিলেন।
অভিযান পরিচালনা করেন ভৈরব সার্কেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি বিশেষ টিম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় সচেতন মহল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান আরও জোরদার করা উচিত।










Leave a Reply