ভৈরব বাজারে যানজট নিরসনে সড়ক দখলমুক্ত অভিযান, মালপত্র জব্দ
ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরব বাজারের প্রধান প্রবেশমুখে দীর্ঘদিনের যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার কর্মীরা বাজার এলাকার রাস্তার পাশে রাখা দোকানিদের মালপত্র পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শবনম শারমিন এবং সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও ভৈরব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

উচ্ছেদ অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, “দীর্ঘদিন ধরে কিছু দোকানি রাস্তার পাশে স্থায়ী দোকান থাকার পরও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছিলেন। এতে বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। একাধিকবার মাইকিং ও সতর্ক করার পরও তারা নির্দেশনা মানেননি। তাই আজকে বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।”
তিনি আরও বলেন, “ফুটপাত ও সড়ক দখল করে কোনও স্থাপনা বসানো আইনানুগ অপরাধ। আমরা চাই ব্যবসায়ীরা নিয়ম মেনে চলুন, যেন শহরে শৃঙ্খলা ফিরে আসে। এই অভিযান নিয়মিতভাবে চলবে।”
প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই আশা করছেন, নিয়মিত তদারকি চালু থাকলে বাজার এলাকায় যানজট সমস্যা অনেকটাই কমে যাবে।










Leave a Reply