ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপ মামলায় গ্রেপ্তারদের মুক্তির দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন
আফসার হোসেন তূর্জা
ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আন্দোলনকারীরা হাতে মোমবাতি জ্বালিয়ে ‘ভৈরব জেলা চাই’, ‘মিথ্যা মামলা প্রত্যাহার কর’, ‘গ্রেপ্তারকৃতদের মুক্তি দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বক্তারা বলেন, গত ২৭ অক্টোবর ভৈরবে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি চলাকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে আটকা পড়ে। কর্মসূচি শেষের দিকে স্টেশন মাস্টার ও লোকো মাস্টারের ভুল সিদ্ধান্তে ট্রেনটি ছেড়ে দেওয়ার সময় কিছু উত্তেজিত আন্দোলনকারী ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। অথচ এই ঘটনাকে পুঁজি করে নিরীহ আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, “আমরা ১২ অক্টোবর থেকে শান্তিপূর্ণভাবে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছি। কখনোই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার উদ্দেশ্য ছিল না। ঐদিনের ঘটনাটি পুরোপুরি প্রশাসনের দায়িত্বহীনতার ফল।”
বক্তারা দায়ী স্টেশন মাস্টার ও লোকো মাস্টারের বিচার দাবি করে বলেন, “মামলা প্রত্যাহার ও আটক সবার মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”
সমাবেশ শেষে আন্দোলনকারীরা ঘোষণা দেন— আগামীকাল শুক্রবার জুম্মা নামাজের পর ঢাকা-সিলেট মহাসড়কে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন।
মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মাওলানা সাইফুর রহমান শাহারিয়ার, জাহিদুল ইসলাম, বিছাস সভাপতি মহিউদ্দিন, ছাত্রনেতা হান্নান হিমু, ছাত্রনেতা বিন ইয়ামিন জুনাইদ প্রমুখ।










Leave a Reply