অগ্নিকাণ্ডের পর শাহজালাল বিমানবন্দরে পণ্য খালাসে ধীরে ধীরে ফিরছে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক
শাহজালালে আবারও শুরু পণ্য খালাস, ধীরে ধীরে ফিরছে স্বস্তি
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধীরে ধীরে আবার প্রাণ ফিরে পাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকেই শুরু হয়েছে সীমিত পরিসরে আমদানি পণ্য খালাসের কাজ।বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনে সকাল থেকে ভিড় করতে দেখা গেছে অসংখ্য আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টকে। তাদের অনেকে বলেন, “খালাসযোগ্য পণ্যের তালিকা হাতে পেয়েছি সকালেই, কিন্তু দুপুর পর্যন্ত কোনো পণ্য বের হয়নি।”
দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে গেটে মানুষের ভিড় বাড়ে। অনেকেই অভিযোগ করেন, বিমা কোম্পানির প্রতিনিধিদের ভেতরে ঢুকতে না দেওয়ায় খালাস প্রক্রিয়া আরও ধীর হয়ে যাচ্ছে।
গেটে দায়িত্বে থাকা আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা বলেন,খালাস প্রক্রিয়া চালু হয়েছে ঠিকই, তবে আগের গতিতে ফিরতে কিছুটা সময় লাগবে। সব কিছু আবার নতুনভাবে সাজাতে হচ্ছে।”
ভয়াবহ আগুনের পরিণতি
গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ পুলিশ, র্যাব, আনসার, এপিবিএন, বিমান ও নৌবাহিনীর সদস্যরা প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে এক বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। এ ঘটনায় তদন্তে তিনটি পৃথক কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামীর আশা
এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে আবার কর্মচাঞ্চল্য ফিরে আসছে বিমানবন্দরের কার্গো এলাকায়। ব্যবসায়ীরা আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক গতি ফিরে আসবে আমদানি পণ্য খালাসে।
“আমরা চাই দ্রুত সব কিছু আগের মতো হোক। ক্ষতির পরও সবাই কাজ শুরু করেছে, এটা একটা ভালো লক্ষণ।” এক আমদানিকারক জানান।














Leave a Reply