লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক:
অবৈধ ও অনিয়মিতভাবে লিবিয়ায় অবস্থান করে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করায় আরও ৩১০ জন বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে লিবিয়া সরকার। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী বিশেষ চার্টার ফ্লাইট।
প্রত্যাবর্তনকারীদের মধ্যে কয়েকজন অসুস্থ ছিলেন, আর কেউ কেউ মানবপাচারকারীদের হাতে অপহরণের পর উদ্ধার হয়ে দেশে ফেরার সুযোগ পেয়েছেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, চলতি অক্টোবর মাসে তিন দফায় মোট ৯২৮ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন। এদের অধিকাংশই দীর্ঘদিন ধরে দেশটিতে অবৈধভাবে বসবাস করছিলেন।
বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, সর্বশেষ চার্টার ফ্লাইটে মিসরাতা শহরের ২১১ জন এবং ত্রিপলি থেকে ৯৯ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়। ফিরতি যাত্রীদের মধ্যে দুইজন নারীও রয়েছেন। বর্তমানে ত্রিপলি ও বেনগাজির বিভিন্ন আটক কেন্দ্রে আরও কিছু বাংলাদেশি অবস্থান করছেন, যাদের দ্রুত দেশে ফেরাতে কাজ করছে দূতাবাস।
দূতাবাসের তথ্যানুসারে, গত দুই বছরে লিবিয়া থেকে সাত হাজারের বেশি বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান। তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করা, পরিবারকে সময় দেওয়া এবং মানবপাচার ও অনিয়মিত অভিবাসন রোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।















Leave a Reply