চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ১৫ দিন পর ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী মোঃ জাকির হোসেন (৩৮) কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ১৩ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে নিজের বাড়ির গেটের সামনে তার ব্যবহৃত নীল রঙের Suzuki Gixxer SF 155cc মোটরসাইকেলটি রেখে ঘরে প্রবেশ করেন। মাত্র কয়েক মিনিট পর বাইরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই।

বিভিন্ন স্থানে খোঁজ করেও না পেয়ে তিনি ১ মার্চ কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর মধ্যে ‘Bike Bazar Brahmanbaria’ নামে একটি ফেসবুক গ্রুপে নিজের মোটরসাইকেলের ছবি ও বিক্রির বিজ্ঞাপন দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে কুলিয়ারচর থানার একটি দল তাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন মাছ বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে মোঃ রাসেল (২২) ও মোঃ মমিনুল হাসান (২৩) নামে দুইজনকে আটক করা হয়। তবে চক্রের আরেক সদস্য আনোয়ার হোসেন (৩৫) পালিয়ে যায়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, কুলিয়ারচর থেকে মোটরসাইকেলটি চুরি করে সরাইলে এনে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

উদ্ধার হওয়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা। এ সময় একটি আইফোন XR ও একটি বাটন ফোনও জব্দ করা হয়।

কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার বলেন, চক্রটি আন্তঃজেলা পর্যায়ে সক্রিয়। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, দ্রুত উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে। তারা আশা করছেন, পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    কুলিয়ারচরে বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
    • January 28, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈমকিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরে অবস্থিত বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২৮ জানুয়ারি) বুধবার দুপুরে অত্র বিদ্যালয়ের হলরুমে এ পুরস্কার

    পুলিশের ম্যাজিকে উদ্ধার হওয়া শত কেজি গাঁজা হয়ে গেলো ৭০ কেজি, উধাও আটককৃত ১ আসামি
    • January 20, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈম কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ও আসামি নিয়ে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, জনতার হাতে আটক বিপুল পরিমাণ গাঁজা ও দুই মাদক

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news