ভৈরব প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশায় কৌশলে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (২ মার্চ ) দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভৈরব সার্কেলের একটি দল ভৈরবপুর এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ দিকে টোল প্লাজার সামনে ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৩৯০২ নম্বরের একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে বিভিন্ন কৌশলে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান সূত্র জানায়, এক আসামির ভ্যানিটি ব্যাগ ও পরনের কাপড়ের ভেতরে গাঁজা পাওয়া যায়। অপর দুই আসামির শরীর তল্লাশি করে দেখা যায়, তাদের পেট ও পিঠে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থায় মাদক বহন করা হচ্ছিল। সব মিলিয়ে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।

এদের মধ্যে আটকরা হলেন, নরসিংদী জেলার বেলাব উপজেলার চর আমলাব এলাকার সালমা বেগম (৪০), কুলিয়ারচরের বড় ছয়সূতী নাগরবাড়ী এলাকার রোকসানা (৪৫), ভৈরবের পঞ্চবটি বউবাজার এলাকার সালমা (২৪),সালমা (বর্তমানে নরসিংদী সদরে বসবাসরত)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মহাসড়ক ব্যবহার করে মাদক পরিবহন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
দৃশ্যপট নিউজ / NA





