নাজির আহমেদ আল-আমিন
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরেজমিনে কিশোরগঞ্জের ভৈরবে বাজার পরিদর্শন করেছেন বাণিজ্য শিল্প পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.শরীফুল আলম।(২৭ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে পরিদর্শনকালে তিনি ভৈরব বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান ঘুরে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, আলুসহ প্রয়োজনীয় পণ্যের বর্তমান দরদাম ও সরবরাহ পরিস্থিতির খোঁজ নেন।
এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং মূল্য তালিকা প্রদর্শন ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলে বাজার পরিস্থিতি সম্পর্কে মতামত শোনেন।
প্রতিমন্ত্রী বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। টিসিবির পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং বর্তমানে কোনো পণ্যের ঘাটতি নেই। প্রয়োজন হলে সরবরাহ আরও বাড়ানো হবে। তিনি সতর্ক করে বলেন, কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশিদ,ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতাউর রহমান আকন্দ, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর নাছিমা বেগম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বাজার কমিটির প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মো: আরিফুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি হাজি মো: শাহিন,সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমানসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রেতারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
দৃশ্যপট নিউজ /NA





