নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জ জেলার ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। ভৈরব উপজেলার ভৈরব স্টেডিয়ামে জনসভা উপলক্ষে কানায় কানায় পূর্ণ মাঠ, চারদিকে নেতাকর্মীদের স্লোগান ও উচ্ছ্বাস।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভৈরব স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ জনসভায় প্রায় পাঁচ লাখ মানুষের সমাগম হতে পারে।

জনসভাকে কেন্দ্র করে ভৈরব স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। মাঠ ও আশপাশের এলাকা সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। এখন শুধু দলের শীর্ষ নেতার আগমনের অপেক্ষা।
দীর্ঘদিন পর কিশোরগঞ্জ জেলায় বিএনপির চেয়ারম্যানের সরাসরি উপস্থিতিকে ঘিরে পুরো ভৈরবজুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে জনসভাস্থলে আসতে শুরু করেছেন। এতে সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ভৈরব স্টেডিয়াম।
ভৈরব উপজেলা বিএনপির নেতারা জানান, তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আশা করছেন, এ জনসভা থেকে আগামী দিনের রাজনৈতিক দিকনির্দেশনা পাওয়া যাবে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কিশোরগঞ্জ জেলায় জনসভায় অংশ নিচ্ছেন তারেক রহমান। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভা ঘিরে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
পৌর বিএনপির সভাপতি হাজী মো: শাহীন বলেন, তারেক রহমানের আগমনে ভৈরবসহ পুরো কিশোরগঞ্জ জেলার নেতাকর্মীরা উজ্জীবিত হবে। আমরা অধীর আগ্রহে নেতার বক্তব্য শোনার অপেক্ষায় আছি।

ইতোমধ্যে জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ ৬ আসনের বিএনপি প্রার্থী মো: শরিফুল আলম বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা মাঠে উপস্থিত হয়েছেন।
জেলা বিএনপির সভাপতি মো: শরিফুল আলম বলেন, বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এটি কিশোরগঞ্জ জেলায় প্রথম জনসভা। আজকের জনসভায় তিনি জেলার সংসদীয় আসনের বিএনপি ও জোট প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি জেলার শীর্ষ পর্যায়ের নেতারাও এ সভায় উপস্থিত থাকবেন।
দৃশ্যপট নিউজ / NA






