এম এ হালিম
কিশোরগঞ্জের ভৈরবে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত রগকাটা ফজলু ডাকাত (৩৮) নামে হত্যা ও ডাকাতিসহ পাঁচ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।(২৩ ডিসেম্বর) মঙ্গলবার গভীর রাতে উপজেলার আলুকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা তিন সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়,রগকাটা ফজলুসহ চার থেকে পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ভৈরব উপজেলার স্টেডিয়াম – মেন্দিপুর আঞ্চলিক সড়কের আলুকান্দা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা পুলিশের একটি দল গভীর রাতে ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানকালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ রগকাটা ফজলু ডাকাতকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দাসহ হাতেনাতে গ্রেফতার করে। তবে তার সঙ্গে থাকা তিন সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
ভৈরব থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত রগকাটা ফজলু তিনটি ডাকাতি ও দুটি হত্যা মামলার পলাতক আসামি। আলুকান্দা এলাকায় গভীর রাতে ডাকাতির চেষ্টাকালে তাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। পলাতক সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের এই অভিযানে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
dp-news/ nazir ahammad






