নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র-যুবক পরিষদ কালীপুরের উদ্যোগে আন্তঃ স্কুল-মাদ্রাসা প্রীতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কালীপুর গ্রামের প্রাথমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসাসমূহের অংশগ্রহণে মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিম নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় কালীপুর হাই স্কুল মাঠে টুর্নামেন্টটি শুরু হয়। সারাদিনব্যাপী এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র-যুবক পরিষদের কার্যকরী কমিটির সভাপতি এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজন আহমেদ রিপু। খেলায় দ্বৈত ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন যুগ্ম সম্পাদক রেদোয়ান আহমেদ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া। রেফারির দায়িত্ব পালন করেন সাগর আহমেদ। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক ও ক্রীড়া সম্পাদক রাজিব আহমেদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও স্ট্যান্ডিং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি ও স্ট্যান্ডিং কমিটির সদস্য হাজী মো. জজ মিয়া, সাবেক সভাপতি ও সম্মানিত উপদেষ্টা হারুনুর রশিদ, সম্মানিত উপদেষ্টা মাওলানা মো. আব্দুর রউফ, সম্মানিত সদস্য মো. কাইসার আলমগীরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, আয়োজক ও কার্যকরী কমিটির সদস্য এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। খেলাকালীন সময়ে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন সংগঠনের কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ ইয়াছিন আহমেদ।
বিকাল ৩টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে নূরে মদীনা হাফেজিয়া মাদ্রাসা রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। টুর্নামেন্ট শেষে প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়, ম্যান অব দ্য টুর্নামেন্টসহ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি দর্শকদের জন্য আকর্ষণীয় দর্শক পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।
dp-news/nazir ahammad






