নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ভৈরব পৌরসভা কার্যালয়ের সেমিনার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক, পৌর সচিব মো. ফারুক, পৌর প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন এবং ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফুয়াদ রুহানী।

সভায় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাবেদ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি মো. আসাদুজ্জামান ফারুক, ভৈরব প্রেসক্লাবের আহ্বায়ক মোস্তাফিজ আমিন, সদস্য সচিব সোহেলুর রহমান, বাংলাভিশন প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব, বৈশাখী টিভির প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, এসএটিভির খায়রুল ইসলাম সবুজ, জিটিভির এম এ হালিম, বাংলাদেশ গার্ডিয়ান প্রতিনিধি নাজির আহমেদ আল-আমিন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান পাটোয়ারী, ডিবিসি নিউজের আফসার হোসেন তূর্জা, অবলম্বনের শামীম আহমেদ, আর টিভির ছিদরাতুল রশিদ পিয়াল, মানবজমিন প্রতিনিধি ইশতিয়াক আহমেদ শৈভিক, বিজয় টিভির সোহানুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

এসময় আরও উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কিশোরগঞ্জ-৬ আসনে মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. কবির হোসাইন, সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মতিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি হাজী মোহাম্মদ মূসা খান, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে ভৈরব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি উপজেলা। বন্দরনগরী হিসেবে ভৈরব প্রতিনিয়ত অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে। এই শহরের টেকসই উন্নয়ন, সুশাসন, জনসেবা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই।

প্রশাসনের কাজ শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়-মানুষের জীবনমান উন্নয়ন, নগরসেবা নিশ্চিত করা এবং সমাজের সব স্তরের মানুষের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তোলাও আমাদের দায়িত্ব। সরকারের ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক দল, সাংবাদিক সমাজ, ব্যবসায়ী, ধর্মীয় নেতাসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আজকের এই মতবিনিময় সভা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে আস্থা, সহযোগিতা ও যোগাযোগ আরও শক্তিশালী করবে। ভৈরববাসীর প্রত্যাশা পূরণে আমরা আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাব।
সভায় বক্তারা ভৈরবের রাস্তা-ঘাট উন্নয়ন, স্বাস্থ্যসেবা সংকট, নদীভাঙন, যানজট, দুর্নীতি নিরসন, ড্রেনেজ উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন। জেলা প্রশাসক এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেয়।






