ভৈরব জেলার দাবিতে মহাসড়কে নামাজ আদায়
ভৈরব প্রতিনিধি
ভৈরবকে জেলা বাস্তবায়ন করার লক্ষ্যে কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কে ২ রাকাত নফল নামাজ আদায় করেছেন সর্বস্তরের জনগণ। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জুম্মার নামাজের পর দুর্জয় মোড় সংলগ্ন পৌর বাস টার্মিনালের সামনে এ নামাজ অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের এক পাশ বন্ধ রেখে নামাজ আদায় করায় অন্য পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিলো। তবে ঢাকাগামী সব ধরনের যানচলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিলো। এতে ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়ে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে বিপুল পরিমাণ পুলিশী টহল জোরদার করা হয় ।
নফল নামাজের ইমামতি করেন মেহের চাঁন জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার ইমাম মাওলানা আবু তালহা নাযাজ ও নামাজ শেষে দোয়া পড়ান মুফতি মনিরুল ইসলাম চৌধুরী।
এ বিষয়ে ভৈরব জেলা বাস্তবায়ন মঞ্চের নেতা সাইফুর রহমান শাহরিয়ার, জাহিদুল ইসলাম ও মহিউদ্দিন জানান, ভৈরব জেলা বাস্তবায়ন আল্লাহ পাক যেন কবুল করেন সেজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে জুম্মার নামাজের পর দুর্জয় মোড়ে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়েছে। ভৈরব জেলা বাস্তবায়নের জন্য শান্তি পূর্ণ কমর্মসুচী অব্যাহত থাকবে । তারা আরো বলেন, ভৈরবকে জেলা হিসেবে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনাে জেলা বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত ভৈরবকে জেলা বাস্তবায়ন পদক্ষেপ না নেয় তাহলে সামনে আরাে প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
ভৈরব জেলা বাস্তবায়নের দাবীতে শুক্রবার (৩১ অক্টোবর) পঞ্চমদিন এর মত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত রোববার ঢাকা-সিলেট, ভৈরব – ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে । এ সময় ৩ কিঃমিঃ এলাকা যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে ট্রেন ও লঞ্চ টার্মিনালেও অবরোধ কর্মসূচি পালন করা হয়।










Leave a Reply